উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ২৪ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

আদালত দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেন (৪০)কে মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন বরিশালের উজিরপুর থানাধীন হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি অবৈধ ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী জাকির হোসেন দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে কিশোরী বাড়ির পাশে ডোবার পাড়ে কলমিশাক তুলতে গেলে জাকির তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে বানারীপাড়ার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জাকির হোসেনকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার কৃত আসামিকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *