উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ আহমেদ (সবুজ) তাঁর বিরুদ্ধে স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকায় গত ১৮ অক্টোবর প্রকাশিত ‘ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ’ শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদলিপিতে সৈয়দ মাহমুদ আহমেদ দাবি করেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সংবাদ প্রকাশের আগে তাঁর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে তথ্য যাচাই না করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। এতে তাঁর রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
এ ঘটনায় তিনি আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সাত দিনের মধ্যে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে বলে তিনি জানান।
প্রতিবাদে সৈয়দ মাহমুদ আহমেদ আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সরকারি বিভিন্ন দপ্তর ও ভূমি অফিসকেন্দ্রিক কথিত দালালি, প্রভাব বিস্তার এবং সেবা-প্রার্থীদের হয়রানির অভিযোগ রয়েছে। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।
তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগসংবলিত সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই প্রকাশিত সংবাদের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান তিনি।
এদিকে, প্রতিবাদে উত্থাপিত অভিযোগ এবং লিগ্যাল নোটিশের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
