উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ‘স্বজনপ্রীতি ও অনিয়ম সহ্য করা হবে না’—এমপি সান্টু

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঙ্গুরিয়া খানবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।

উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ফয়জুল হক সুমন, উজিরপুর পৌর মহিলা দলের সভাপতি মোসা. মাকসুদা আক্তার শিল্পী, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল, সহ-সভাপতি মোস্তফা জামান সুমন বালী, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ সুমন, মেহেদী হাসান ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “আজকের দিনটি এলাকার খেটে খাওয়া ও সাধারণ মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম সহ্য করা হবে না। যারা প্রকৃতপক্ষে এই সহায়তা পাওয়ার যোগ্য, এলাকার সেই অসহায় ও মধ্যবিত্ত পরিবারগুলো যেন কার্ড পায়, তা নিশ্চিত করতে হবে। এটি তাদের অধিকার, কোনো দয়া নয়।”

এমপি সান্টু আরও বলেন, “একটি পরিবারও যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। কার্ড দেওয়ার কথা বলে কেউ টাকা নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি সরকারের জনকল্যাণমূলক এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *