উজিরপুরে বাসের চাকা ফেটে দুর্ঘটনা, আহত ৫-৭

দেশজুড়ে

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে তাসবিহ পরিবহনের একটি বাস দুর্ঘটনায় চালকসহ ৫ থেকে ৭ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে শিকারপুর-আটিপাড়া সড়কের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পটুয়াখালী থেকে ছেড়ে আসা তাসবিহ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৬৬৮২) ওই এলাকায় চলন্ত অবস্থায় পৌঁছালে বাসটির সামনের বাম পাশের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের বাম পাশে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উজিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর আসাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *