উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের আয়োজনে এবং উজিরপুর পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে ইচলাদী বাজার, ইচলাদী বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জমে থাকা পানি অপসারণ, বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
অভিযানকালে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, বালতি, বোতল, টায়ার ও নারিকেলের খোসাসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম খান,সোহেল হাওলাদার সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলেন, শুধু মশক নিধন কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *