উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই স্লোগান এবং “দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থাসমূহের পুনর্চিন্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, বামরাইল ইউনিয়ন প্রশাসক মো. মিরাজ মাহমুদ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান।
এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার তারিকুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা, নিরাপদ জীবন, সুস্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও পারিবারিকভাবে তাদের প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘায়ুর পাশাপাশি প্রবীণদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
এদিকে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ আজম খান তাঁর যাচাইকৃত ফেসবুক পেজে প্রবীণদের জীবন ও বার্ধক্য নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জীবনের শেষ সময় কখন চলে আসবে তা কেউ জানে না। মানুষের গড় আয়ু বাড়লেও সুস্থতা, শান্তি, নিরাপদ পরিবেশ এবং আপনজনের ভালোবাসার গুরুত্ব আরও বেশি। দীর্ঘ জীবনের পাশাপাশি প্রবীণদের প্রতি মায়া-মমতা, ভালোবাসা ও মানবিক দায়িত্ববোধ বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন—
“এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে,
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।”
প্রবীণদের মর্যাদা, নিরাপদ জীবন, সুস্থতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে উজিরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসের কর্মসূচি শেষ হয়।
