উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে ৪ লাখ ৯ হাজার টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর এলাকায় সন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযান শেষে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সকাল ১১টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ৮৩টি চায়না দুয়ারি জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৪টি বোডা জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে অভিযানে উজিরপুর মডেল থানার এএসআই মো. ফাহাদ, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী, অফিস সহায়ক মো. রাজীব হোসেন এবং জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মোর্সেদ মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অবৈধ জালের ব্যবহার অব্যাহত থাকলে দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে অবৈধ জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
