উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগতিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. মেছের বেপারী (৭২) নামে এক বৃদ্ধ দোকানিকে মারধর, গালাগাল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বেকেরকাঠী এলাকার বাসিন্দা মেছের বেপারী দাইবাড়ি হাটবাজারে একটি দোকান পরিচালনা করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময়ে তার দোকান থেকে পণ্য নিয়ে টাকা পরিশোধ না করায় তাদের কাছে প্রায় ১২ হাজার টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা চাইতে গেলে তাদের সঙ্গে মেছের বেপারীর বিরোধের সৃষ্টি হয়।
লিখিত অভিযোগে মেছের বেপারী দাবি করেন, গত ৩১ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি দাইবাড়ি হাটবাজারে নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় পাওনা টাকা চাওয়ার বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে গালাগাল ও মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে মো. রুহুল সরদার (৪৫), মো. মালেক মোল্লা (৬২) ও গোলজার মোল্লা (৫০)-কে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী মেছের বেপারী বলেন, “পাওনা টাকা চাইতে গিয়ে আমি মারধর ও হুমকির শিকার হয়েছি।” তিনি আরও বলেন, দোকানের আয় দিয়েই তার সংসার চলে এবং তার দুটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে অভিযুক্তদের মোঃ আব্দুল মালেক মোল্লা, হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, মেছের বেপারীর কাছে তাদের কোনো টাকা বাকি নেই এবং তার ওপর কোনো হামলাও করা হয়নি। অন্য অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *