সানুহার-ধামুরা সড়কে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে খাদে বাস, অল্পের জন্য রক্ষা ২০ যাত্রী

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা সড়কের সানুহার বন্দরে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি বাস সানুহার-ধামুরা সড়কে প্রবেশের পর সানুহার বন্দরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে যায়। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনেন। এতে প্রায় ১০ জন আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে গুরুতর না হওয়ায় সবাই নিজ নিজ বাড়িতে চলে যান বলে জানা গেছে।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়দের অভিযোগ, সানুহার-ধামুরা সড়কের বিভিন্ন স্থানে সড়ক সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহন চলাচলে প্রায়ই সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে মুখোমুখি যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তারা সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *