উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন ও আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মাদক ও সন্ত্রাসবিরোধী ঐক্যবদ্ধ কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন আহমেদ। সভা সঞ্চালনা করেন মোঃ খোকন সরদার। এতে দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য দেন আগৈলঝাড়া থানার তদন্ত কর্মকর্তা সুসংকর মল্লিক, শোলক ইউনিয়নের তদন্ত কর্মকর্তা মোঃ মামুন খান, মাদক ও সন্ত্রাসবিরোধী ঐক্যবদ্ধ কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোঃ মিজানুর রহমান কাজী, উপদেষ্টা ইয়াসমিন আক্তার পারুল ও উপদেষ্টা মাওলানা নাঈমুল ইসলাম হাবিবীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আগৈলঝাড়া থানার তদন্ত কর্মকর্তা সুসংকর মল্লিক বলেন, “মাদক ও সন্ত্রাসবিরোধী ঐক্যবদ্ধ কমিটির উদ্যোগে মাদকবিরোধী যেকোনো কর্মকাণ্ডে উপজেলা সীমানা পেরিয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। মাদক নির্মূলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।”
সভায় স্থানীয়রা তাঁদের এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত সচেতনতামূলক সভা, সামাজিক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রতিরোধই পারে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে।”
