ঢাকার ৪১৬ বছর উদযাপনে মধুমিতায় চলচ্চিত্র উৎসব

দেশজুড়ে

সুদীপ দেবনাথ রিমন, সিনিয়র বিনোদন সাংবাদিক:এক সময় প্রমত্তা ঢেউ ছিলো বুড়িগঙ্গার। ঢাকার বয়স বাড়ার সাথে সাথে বুড়িগঙ্গাও হারিয়েছে যৌবণ। কিন্তু থেমে থাকে নি ঢাকা। ইতিহাসকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে নবাবী শান শওকত আর ঐতিহ্যে খচিত ঢাকা। দেখতে দেখতে ৪১৬ বছর পার করেছে প্রাণের এই শহর। ঢাকার ৪১৬ বছর উদযাপনে “উৎসবে, গর্বে, দায়িত্বে” প্রতিপাদ্যে “হৃদয়ে ঢাকা ৪১৬” শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন৷ আর এই উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমাহলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। আগামী ২২ আগস্ট শনিবার শুরু হবে এই উৎসব। ওইদিন বিকাল চারটায় এই উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সপ্তাহব্যাপী এই উৎসবে মোট ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন শনিবার সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে “মুখ ও মুখোশ”, দ্বিতীয় দিন রবিবার বিকাল ৩টায় ” নবাব সিরাজ উদ্দৌলা”, ও সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে “১৩ নং ফেকুওস্তাগার লেন”, তৃতীয় দিন সোমবার বিকাল ৩টায় ” জীবন থেকে নেওয়া” ও সন্ধ্যা ৬টায় ” নান্টু ঘটক”, চতুর্থ দিন মঙ্গলবার বিকাল ৩টায় “অশিক্ষিত” ও সন্ধ্যা ৬টায় ” রংবাজ”, পঞ্চম দিন বুধবার বিকাল ৩টায় “সবুজ সাথী”, ও সন্ধ্যা ৬টায় ” নাচের পুতুল”, ষষ্ঠদিন বৃহস্পতিবার বিকাল ৩টায় “দূরদেশ” ও সন্ধ্যা ৬ টায় “দহন” এবং শেষ দিন শুক্রবার বিকাল ৩টায় “দোস্ত দুশমন”, ও সন্ধ্যা ৬টায় ” বধূ বিদায়”। আগামী ২৮ আগস্ট শেষ হবে এই উৎসব। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি শিল্পী, পরিচালক, লেখক,সংগীতশিল্পী সংগীত পরিচালক,গীতিকার ও সিনেমাটোগ্রাফারসহ সাংস্কৃতিক অঙ্গনের ৫৮জনকে সম্মাননা প্রদান করা হবে। উৎসবকে সফল করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলিকে (উপসচিব) আহবায়ক ও বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আব্দুল আজিজ, অভিনেতা শিবা সানু ও সাংবাদিক আহমেদ তেপান্তরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার মধুমিতা সিনেমাহলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উৎসবের আয়োজক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
উৎসবের বিস্তারিত তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, চলচ্চিত্র মানুষের কথা বলে। চলচ্চিত্র মানুষকে উজ্জীবিত করে। চলচ্চিত্র উন্নত না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। এধরণের আয়োজন করতে পেরে আমি আন্তরিকভাবে আনন্দিত৷ এই আয়োজনে এগিয়ে আসার জন্য মধুমিতা সিনেমাহলের কর্ণধার নওশাদ ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ক্লিওপেট্রা ছবি দিয়ে সিনেমাহলের উদ্বোধন। এই মধুমিতা সিনেমাহলের কোনো ভালো সিনেমা দেখা আমি বাদ দিতাম না। আমাদের চলচ্চিত্র এক সময় নামকরা ছিলো। সারা পাকিস্তানে এক সময় আমাদের চলচ্চিত্র এক নাম্বার হতো। কিন্তু হঠাৎ করে এতটা নিস্প্রাণ হওয়া আমাদের কাম্য ছিলো না। দিনে দিনে আমাদের উৎসবে এখন ভাটা পড়ে গেছে। আমাদের সিনেমাসহ সকল ধরনের সংস্কৃতিকে জাগিয়ে তুলতে হবে। যারা রাজনীতি করে তাদেরকে সংস্কৃতির অনুরাগি হতে হবে। সংস্কৃতি ছাড়া রাজনীতি এগিয়ে যেতে পারবে না। এসময় তিনি মরহুম সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে বলেন, এক সময় খোকা ভাইয়ের সঙ্গে এই মধুমিতা সিনেমাহলে আসতাম। তিনি বলতেন চলো মধুমিতায় সিনেমা দেখে আসি। খোকা ভাই ঘুমাতেন আর আমি সিনেমা দেখতাম। এই মধুমিতার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। আমি চাই মধুমিতার মাধ্যমে সিনেমা শিল্প আবারও জেগে উঠুক৷
এতে আরো বক্তৃতা করেন মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান অভিনেতা শিবা সানু, সাংবাদিক আহমেদ তেপান্তর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *