উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
মাদক, ইভটিজিং ও নানা সামাজিক অপরাধ থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বরিশালের উজিরপুরে। এর অংশ হিসেবে তরুণ ও যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় উজিরপুর পৌরসভার সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উজিরপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তাওয়াব সুমন মৃধা।
স্থানীয়ভাবে আয়োজিত উজিরপুর ডালবাংলা ফুটবল লীগ–২০২৬-এর খেলোয়াড় ও তরুণদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হয়। এ সময় আয়োজক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে লীগের সার্বিক কার্যক্রম ও খেলোয়াড়দের প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন তিনি।
সংশ্লিষ্টরা বলেন, মাঠ যত প্রাণবন্ত হবে, তরুণ সমাজ তত বেশি মাদক, অপরাধ ও হতাশা থেকে দূরে থাকবে। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তাওয়াব সুমন মৃধা বলেন, তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে মাঠমুখী তরুণ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং উজিরপুর ডালবাংলা ফুটবল লীগ–২০২৬-এর কার্যক্রমে সহযোগিতা করায় আয়োজক ও খেলোয়াড়রা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তাওয়াব সুমন মৃধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
