সাভার প্রতিনিধি: ওমর ফারুক মানিক
সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই নিয়ামত উল্লার বিরুদ্ধে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। থানা সূত্রে জানা যায়, এসআই নিয়ামত উল্লা সম্প্রতি সাভারে একাধিক সফল অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এরপর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠে কিছু চিহ্নিত অপরাধী, মাদক কারবারি ও স্বার্থান্বেষী একটি গোষ্ঠী। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারাই এখন সংগঠিত হয়ে এসআইয়ের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব রটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে এসআই নিয়ামত উল্লা বলেন,
“আমি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করে আসছি। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করায় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। তারা মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই।”
এ ঘটনায় সাভার মডেল থানার সহকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তাদের মনোবল ভেঙে দিতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।
তারা অবিলম্বে এই অপপ্রচারকারী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
