স্বাস্থ্য শিক্ষা ও সেবা খাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিরপেক্ষভাবে সরকারি দায়িত্ব পালন করবেন: এমপি সান্টু

দেশজুড়ে

​উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
স্বাস্থ্য শিক্ষা ও সেবা খাতকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ঘোষণা দিয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, “হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দল-মত, শ্রেণী-পেশা নির্বিশেষে দেশের সব মানুষ সেবা নিতে আসেন। তাই সরকারি সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করবেন না। তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণকে যথাযথভাবে সরকারি দায়িত্ব পালন ও সেবা নিশ্চিত করবেন।”
​দলীয় নেতা-কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে সংসদ সদস্য আরও বলেন, “কোনো প্রতিষ্ঠানে গিয়ে অমুক নেতা বা তমুক নেতার পরিচয় দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বাড়তি বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করা যাবে না।” একই সঙ্গে এ ধরনের কোনো অন্যায্য সুবিধা বা তদবির প্রশ্রয় না দেওয়ার জন্য তিনি উপস্থিত সরকারি কর্মকর্তাদেরও স্পষ্ট নির্দেশনা দেন।
​মঙ্গলবার (২৩ জুন) বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন অত্যাধুনিক জেনারেটর উদ্বোধন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও অর্থোপেডিক্স সার্জন ডাঃ নাজমুস সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোঃ জামাল হোসেন তালুকদার, এবং যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান।
​এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবু প্রমুখ।
​সভার আগে সকাল ১১টায় সংসদ সদস্য উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ‘কিডস সামগ্রী’ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, একই সঙ্গে স্থানীয় কৃষকদের মাঝে উন্নত জাতের নারিকেলের চারাও বিতরণ করা হয়।
​২৮ জুন উজিরপুরে ২৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
এদিকে দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আরএমও জানান, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উজিরপুর উপজেলার ১২৬টি অস্থায়ী এবং ১টি স্থায়ী ক্যাম্পের মাধ্যমে মোট ২৮ হাজার ৮শেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
​এর মধ্যে ৬ মাস থেকে Beginners বা ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে তারা উপজেলার সকল অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *