উজিরপুরে গ্রাম আদালত সেবা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে ভিডিও শো প্রদর্শন

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নয়টি ইউনিয়নে গণসচেতনতামূলক ভিডিও শো প্রদর্শন করা হয়েছে।
উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে গ্রাম আদালতের কার্যক্রম, মামলা নিষ্পত্তির পদ্ধতি, বিচারপ্রার্থীদের সুবিধা, সময় ও অর্থ সাশ্রয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত ভিডিও প্রদর্শনীতে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ভিডিও শো পরিচালনা করেন উজিরপুর উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী আফরোজা আখতার শিউলি। তিনি বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। অনেকেই এখনও গ্রাম আদালতের সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত নন। তাই জনগণকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রাম আদালতের মাধ্যমে মাত্র ১০ থেকে ২০ টাকা ফি প্রদান করে বিভিন্ন ধরনের দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তি করা যায়। বর্তমানে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ সংক্রান্ত বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এতে বিচারপ্রার্থীদের জেলা বা উপজেলা আদালতে গিয়ে দীর্ঘ সময় ও বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজন হয় না।
গ্রাম আদালতের অন্যতম সুবিধা হলো দ্রুত বিচার নিষ্পত্তি। স্থানীয়ভাবে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে নির্ধারিত প্রক্রিয়ায় মামলার শুনানি সম্পন্ন করা হয়। ফলে দীর্ঘসূত্রতা কমে এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে বিরোধ মীমাংসার সুযোগ সৃষ্টি হয়। এছাড়া মামলা পরিচালনায় আইনজীবী নিয়োগের বাধ্যবাধকতা না থাকায় সাধারণ মানুষের আর্থিক চাপও অনেকাংশে হ্রাস পায়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি হওয়ায় উচ্চ আদালতের মামলার চাপ কমছে এবং জনগণ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন। বিশেষ করে ভূমি নিয়ে ক্ষুদ্র বিরোধ, পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব, ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ছোটখাটো বিরোধের ক্ষেত্রে গ্রাম আদালত কার্যকর ভূমিকা পালন করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে সাধারণ মানুষ কম খরচে এবং অল্প সময়ে ন্যায়বিচার লাভ করতে পারবেন। এ ধরনের ভিডিও প্রদর্শনী জনগণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়, গ্রাম আদালতকে আরও জনবান্ধব ও কার্যকর করতে ভবিষ্যতেও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *