বাবলু আচার্য্য: মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- শ্রীমঙ্গলে মসজিদে ভেতর এক বৃদ্ধকে হত্যার খবর পাওয়া গেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ার কুল জামে মসজিদে ফজর নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। স্থানীয় ওই মসজিদে ফজরের নামাজ চলাকালে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত জসিম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ফজর নামাজ চলাকালীন সময় হঠাৎ করে এক ব্যক্তি মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে হাফিজ মিয়ার উপর হামলা করে। খুনি একটি কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে। এসময় হাফিজ মিয়া নামাজে সিজদারত ছিলেন। হামলার পর স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার সময় তার মৃত্যু হয়।
ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই হত্যাকান্ডে জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা।
