ওমর ফারুক মানিক
সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয় যেন অনিয়ম, দুর্নীতি ও ভোগান্তির এক কেন্দ্রে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের কাছ থেকে। জমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কাজে অতিরিক্ত অর্থ আদায়, দালাল চক্রের দৌরাত্ম্য এবং অস্বাভাবিক দেরির কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি নির্ধারিত ফি ছাড়াও ‘টেবিল মানি’ নামে অতিরিক্ত টাকা না দিলে কোনো ফাইলই এগোয় না। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দালালের মাধ্যমে কাজ না করলে আবেদনকারীদের নানা অজুহাতে হয়রানির শিকার হতে হচ্ছে।
এদিকে দলিল লেখকরাও অভিযোগ করেছেন, সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাদের আচরণ পেশাদারিত্ববর্জিত। তারা প্রায়ই অশালীন আচরণ করেন এবং কাজের ক্ষেত্রে অযথা বিলম্ব ঘটান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক জানান, “বর্তমানে এই অফিসে নিয়মের চেয়ে অনিয়মই বেশি চলছে। নির্ধারিত নিয়মে কাজ করতে গেলে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। ফলে অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে কাজ করাতে বাধ্য হচ্ছেন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসে একটি প্রভাবশালী দালাল সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে সরকারি রাজস্ব যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সেবার মানও দিন দিন নিম্নমুখী হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন।
