খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দেশজুড়ে রাজনীতি

শীর্ষ খবর ডেক্স: বুধবার ৩ ডিসেম্বর দেশে চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান। সন্ধ্যা সাতটার পর হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রধান উপদেষ্টাকে গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, পরিবারের সদস্য সৈয়দা শর্মিলা রহমান ও শামীম এসকান্দার। তাঁদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা ধরে বৈঠক করেন।

চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে জানান, খালেদা জিয়ার চিকিৎসা বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধানে চলছে। যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স হাসপাতালের পাশাপাশি যুক্তরাজ্য ও চীনের অভিজ্ঞ মেডিকেল বিশেষজ্ঞরা চিকিৎসায় নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করে বলেন, “জাতীয় নেত্রীর চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হবে না। প্রয়োজনীয় সব ব্যবস্থা সরকার নিশ্চিত করবে।” তিনি খালেদা জিয়ার পরিবার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান।

দেশবাসীর উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, “খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সবাই দোয়া করুন। এই মুহূর্তে জাতির ঐক্য, প্রার্থনা ও মানবিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

পরিদর্শনকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *