উজিরপুরে পৃথক অভিযানে বাস থেকে ২ লিটার মদ ও ১৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

আদালত দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস থেকে দুই লিটার চোলাই মদ ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। এসব ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

১১ নভেম্বর দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় আবু তালেব ফকিরের চায়ের দোকানের সামনে বাসে অভিযান চালায় বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় ‘ইশা ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আসনের নিচ থেকে দুই লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. সাগর তালুকদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের কালাম তালুকদারের ছেলে। এ ঘটনায় ১২ নভেম্বর উজিরপুর মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অপরদিকে, উজিরপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাকিল হাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সহযোগী হিসেবে আব্দুল্লাহ আল মাসুদ (২৪) ও ইনতেমাম হোসেন খান (২২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *