উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

জাতীয় দেশজুড়ে

​উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
​বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​দিনের শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদ মো. মিজানুর রহমান ও শহিদ মো. সাইফুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
​পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রুকুন্নুজ্জামান টুলু, উজিরপুর প্রেসক্লাবের সদস্য সচিব সরদার সোহেল, জুলাই শহিদ মিজানের বাবা কামাল মোল্লা এবং আহত জুলাই যোদ্ধা মো. নাজির উদ্দিন সাব্বির।
​আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও বীর শহিদদের মহান আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “শহিদদের বীরত্ব ও আত্মত্যাগ আগামীর বাংলাদেশ গড়ার মূল অনুপ্রেরণা হয়ে থাকবে।”
​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সমাপনী পর্বে গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *