আবাসিক ভবনের রুমে মাদরাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

দেশজুড়ে

গৌরনদী প্রতিনিধিঃ আবাসিক মাদরাসার রুমে এক ছাত্রী রহস্যজনকভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ জুলাই) দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায়।
মৃত জান্নাতুল ফেরদাউজ (১১) রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই থানার নালুয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সান্টুর মেয়ে। শিশুকাল থেকে সে (জান্নাতুল) তার নানা বাড়ি গৌরনদীর কাসেমাবাদ গ্রামের মৃত সাহেব আলী ফকিরের বাড়িতে বসবাস করে আসছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গেরাকুল গ্রামের বাসিন্দা শিক্ষক জহুরুল ইসলাম আকনের কাসেমাবাদ এলাকার বাড়ি ভাড়া নিয়ে গত বছরের নভেম্বর মাসে মিফতাহুল জান্নাহ্ হিফজুল কুরআন মডেল মহিলা মাদসারা নামের একটি আবাসিক প্রতিষ্ঠান করেন দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা মো. শাহজাহান খন্দকারের ছেলে মো. আবু ইউসুফ খন্দকার। দুইজন নারী শিক্ষিকা দিয়ে ১৫ জন ছাত্রীকে নিয়ে ওই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে।
মৃত জান্নাতুল ফেরদাউজের মা সুর্বনা বেগম জানিয়েছেন, তার স্বামী প্রবাসে থাকার সুবাদে তিনি তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি কাসেমাবাদ গ্রামে বসবাস করে আসছেন। তিনি আরও জানিয়েছেন, আবাসিক ওই মাদরাসার নাজেরা বিভাগে তার মেয়ে জান্নাতুল ফেরদাউজ অধ্যায়নরত ছিলো।
মাদরাসার একাধিক ছাত্রীরা জানিয়েছে, সোমবার সন্ধ্যার পর মাদরাসার একটি কক্ষ ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে বাহির থেকে জানাল গ্লাস দিয়ে তারা দেখতে পায় ভিতরে কেউ জানালার গ্রীলের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এসময় তারা ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও মাদরাসার দায়িত্বরত ওই দুই শিক্ষিকা বন্ধ দরজা ভেঙ্গে প্রবেশ করে জানালার গ্রীলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জান্নাতুল ফেরদাউজকে দেখতে পায়। তাৎক্ষনিক তারা তড়িঘড়ি করে ওই ছাত্রীকে নামানোর পর দেখেন সে (জান্নাতুল) মারা গেছে।
পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
অপরদিকে খবর পেয়ে মৃতের স্বজনরা ওই মাদরাসায় ছুটে আসলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। এ ঘটনায় মৃতের স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো বিষয়টি তদন্ত করে জান্নাতুল ফেরদাউজের আত্মহত্যার আসল কারণ উদঘাটনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *