ওয়ালিউল্লাহ রাইসুল পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বেলুয়া নদীতে ধরা পড়েছে প্রায় ১১ কেজি ওজনের একটি বিশাল বাঘাইর মাছ। দীর্ঘদিন পর এত বড় বাঘাইর ধরা পড়ায় নদীপাড় ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। মাছটি একনজর দেখতে নদীর তীর ও বাজারে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া সংলগ্ন বেলুয়া নদীর তালুকদারহাওলা এলাকায় স্থানীয় জেলে পলাশ কুমারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে পলাশ কুমার জানান, তিনি চাপা জাল দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ জালে অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে জাল টেনে তুলতেই দেখতে পান একটি বড় আকারের বাঘাইর মাছ আটকা পড়েছে। সাধারণত এ ধরনের জালে এত বড় মাছ ধরা পড়ে না। দৈবক্রমে জালের কাটায় আটকে যাওয়ায় মাছটি বের হতে পারেনি।
তিনি বলেন, ‘জীবনে অনেক মাছ ধরেছি, কিন্তু আমার জালে এর আগে কখনো এত বড় বাঘাইর ধরা পড়েনি।’
পরে মাছটি উরিবুনিয়া বাজারে ১১ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
মাছটির ক্রেতা সুলতান মাহমুদ বলেন, গ্রামাঞ্চলে এত বড় বাঘাইর মাছ সচরাচর দেখা যায় না। তাই মাছটি কিনে প্রতি কেজি ১ হাজার টাকা দরে বিক্রি করেছেন। তিনি জানান, মাছটি দেখতে বাজারে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেছিলেন। তাই দ্রুত মাছটি কেটে ক্রেতাদের কাছে বিক্রি করে দিতে হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পর বেলুয়া নদীতে এমন বড় বাঘাইর মাছ ধরা পড়ায় এলাকায় যেন উৎসবের আমেজ তৈরি হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই নদীর তীর ও বাজারে ভিড় করেন নানা বয়সী মানুষ। অনেকেই স্মৃতিচারণ করে বলেন, বহু বছর পর নদীতে এত বড় বাঘাইর মাছ দেখা গেল।
