ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে নাজিরপুরের বৈঠাকাটায় বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশজুড়ে

ওয়ালিউল্লাহ রাইসুল, নাজিরপুর উপজেলা প্রতিনিধি:
দেশব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা এলাকায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে ব্যাংকটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) বৈঠাকাটা বাজারে অবস্থিত ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাসনাত ডালিম। এছাড়াও উপস্থিত ছিলেন বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ, গ্রাহক, বৈঠাকাটা বাজারের স্বনামধন্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বৈঠাকাটা আউটলেটের ইনচার্জ মো. নাসিরুজ্জামান জানান, প্রায় ছয় বছর আগে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি এই আউটলেটের কার্যক্রম শুরু করেন। সততা, আন্তরিকতা ও মানসম্মত গ্রাহকসেবার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আউটলেটটি স্থানীয় মানুষের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে।
বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সহজেই আমানত, উত্তোলন, টাকা প্রেরণ, বিভিন্ন বিল পরিশোধসহ নানা ধরনের ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। ফলে গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *