বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২১শে জুন ২০২৬ইং রোজ-রবিবার
শ্রীমঙ্গল উপজেলার পৃথক দুটি স্থান থেকে দুই দিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
উপজেলার বরুণা হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের আওয়াল মিয়ার বাড়ির পুকুরে মাছ ধরার সময় হঠাৎ মাছের জালে একটি সাপ আটকা পড়ে। সাপটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি শ্রীমঙ্গল বাইক্কা বিলের সভাপতি মিন্নত আলীকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, এটি একটি অজগর সাপ। এ সময় বাড়ির লোকজন জানান, বেশ কয়েকদিন ধরে তাদের বাসা থেকে কবুতর, হাঁসসহ বিভিন্ন গৃহপালিত প্রাণী রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল। তারা ধারণা করেছিলেন, হয়তো বনবিড়াল কিংবা শিয়াল প্রাণীগুলো নিয়ে যাচ্ছে। তবে অজগর সাপটি উদ্ধারের পর তারা বুঝতে পারেন, সাপটিই এসব প্রাণী খেয়ে ফেলেছিল।
গতকাল শনিবার (২০ জুন) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার কাকিয়াবাজার এলাকার তপু দেবনাথের বাড়ির সামনের একটি ফসলি জমিতে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা একটি বড় সাপ দেখতে পান। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মৌসুমে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যপ্রাণীরা প্রায়ই লোকালয়ে চলে আসে। এ ধরনের পরিস্থিতিতে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ অথবা সংশ্লিষ্ট বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সাপ দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
