পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বরিশালের উজিরপুর পৌরসভায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) উজিরপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উজিরপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক মুহাম্মদ নেছার উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন খালি স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত এই কর্মসূচিকে সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
পৌর প্রশাসক মহেশ্বর মণ্ডল বলেন, “সবুজ ও পরিবেশবান্ধব উজিরপুর গড়ে তোলার লক্ষ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।”
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *