উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিকারপুর গঙ্গা গোবিন্দ (জিজি) মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, নাতে রাসুল (সা.)-এর গজল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সভাপতি আবুল কালাম হাওলাদার সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম। এ ছাড়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ, অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাতে রাসুল (সা.)-এর গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন গজল পরিবেশন করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়-নীতি ও শান্তির বাণী অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ।
আলোচনা সভা শেষে গজল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষপর্বে মোহাম্মদ সুলায়মানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ অনুষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে ধর্মীয় অনুভূতি, নৈতিক শিক্ষা ও মহানবীর আদর্শ অনুসরণের বার্তা ছড়িয়ে দেয়।
