ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ, কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

দেশজুড়ে

নিজস্ব প্রতিনিধি:

সাভারের ধানসোনা ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাদ্য সহায়তা, ত্রাণ বিতরণ, বিভিন্ন সনদ প্রদান এবং ইউনিয়ন পরিষদের নানা সেবামূলক কার্যক্রমে অনিয়মের অভিযোগ বহুবার সামনে এসেছে। এসব অভিযোগ নিয়ে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও অভিযোগকারীদের দাবি, এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রশ্ন তুললেই প্রভাব খাটানোর চেষ্টা করা হয়। এছাড়া আশুলিয়ার বাংলালিংক রোড এলাকায় তার বিলাসবহুল বাড়ি নির্মাণ নিয়েও এলাকায় নানা আলোচনা-সমালোচনা রয়েছে। তারা তার সম্পদের উৎস ও আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তাদের মতে, অভিযোগের বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থার সংকট তৈরি হতে পারে এবং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানও প্রশ্নবিদ্ধ হতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত সচিবের বক্তব্য জানার চেষ্টা করা হলে তার মন্তব্য পাওয়া যায়নি। তবে বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *