উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দশাহা গ্রামে মরহুম ইসাহাক মৃধার নামে একটি গণ কবরস্থান উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) দুপুর ২টায় উক্ত গণ কবরস্থানের উদ্বোধন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আলী সুজা।
এ সময় জমিদাতা পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল হাই মৃধা, রেজাউল করিম মৃধা, শফিকুল ইসলাম স্বপন মৃধা, জুবায়ের মৃধা, পলাশ মৃধা, মোঃ মামুন ঢালী, মোঃ কামরুজ্জামান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, উজিরপুর পৌরসভায় পূর্বে কোনো গণ কবরস্থান না থাকায়, অ্যাডভোকেট সুমন ও তাঁর পরিবারের জমি দানের মাধ্যমে প্রথমবারের মতো এই গণ কবরস্থান প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “সমাজের প্রতিটি মানুষকে দল-মত নির্বিশেষে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে সমাজের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে হবে। এতে একটি আদর্শ ও মানবিক পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে।”
