উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে দুই নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী পরিবার।
আহতদের সূত্রে জানা যায়, উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের রবিউল বেপারীর সঙ্গে একই বাড়ির সোহেল বেপারী গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৭ নভেম্বর সকালে বসতবাড়ির সামনের রাস্তায় রবিউল বেপারীর স্ত্রী মোসা. রুবিনা বেগম ও তাঁর নিকটাত্মীয় মোসা. পারভীন বেগমের ওপর হামলা চালানো হয়। এ সময় সোহেল বেপারী, রবিউল বেপারী, আবদুল বেপারী ও বেল্লাল হোসেন তাঁদের মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে দুই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে স্থানীয়রা আহত দুই নারীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা অভিযোগ করে বলেন, কিছুদিন আগে তাঁদের বাগান থেকে মো. বেল্লাল হোসেন কলা চুরি করেন। এ ঘটনার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তাঁরা আরও অভিযোগ করেন, হামলার ঘটনা ধামাচাপা দিতে প্রতিপক্ষ মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং নিজেদের ঘরে অগ্নিসংযোগ করে তাঁদের পুরো পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে।
এ ঘটনায় আহত রুবিনা বেগমের স্বামী বাদী হয়ে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ৯ নভেম্বর বিকেল ৪টায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদ বেপারীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা হামলাকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন। সভা থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহতদের পরিবারের সদস্যরা।
