“পুলিশ জনগণের বন্ধু, যে কোনো অপরাধের তথ্য ৯৯৯-এ জানান”
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের আইন মেনে চলা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসরের ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি সরদার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজী ফেরদৌসী এবং সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবাশীষ চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “পুলিশ জনগণের বন্ধু। ইভটিজিং, বাল্যবিবাহ বা যে কোনো অপরাধের শিকার হলে কিংবা এমন ঘটনার তথ্য পেলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান। পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। কোথাও মাদকসংক্রান্ত কোনো তথ্য বা আলামত পেলে তা গোপন না রেখে পুলিশকে জানাতে হবে। শিক্ষার্থীদের এখন পড়াশোনার সময়। নিজেদের ভবিষ্যৎ গড়তে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সচেতন থাকতে হবে।”
সভায় বক্তারা বলেন, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের আসক্তি থেকে বেরিয়ে এসে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ভালো ফলাফল ও সুশিক্ষাই একজন শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। তাই মাদক, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধকে সম্মিলিতভাবে ‘না’ বলতে হবে এবং প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
