বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রশান্ত মিস্ত্রি, বাঁচাতে প্রয়োজন মানবিক সহায়তা

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত মিস্ত্রি (নাম প্রচলিত) গত প্রায় দেড় মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গত ১৩ এপ্রিল ২০২৬ কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অত্যন্ত অসচ্ছল পরিবারের সন্তান প্রশান্ত জীবিকার তাগিদে অল্প বয়সেই রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ শুরু করেন। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং শিগগিরই একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১২ তলার ১২০১ নম্বর কক্ষের ২ নম্বর বেডে ভর্তি রয়েছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলমান থাকায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে বলে স্বজনরা জানিয়েছেন।
এদিকে উজিরপুর শাখা শ্রীগুরু সংঘের সভাপতি ও বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাবেক নির্বাহী সভাপতি শ্রী বরুণ মিত্র ব্যক্তিগত উদ্যোগে প্রশান্তের পাশে দাঁড়িয়েছেন। তিনি সরকারি সহায়তা পাওয়ার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছেন এবং স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট মহলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, ব্যবসায়ী, দানশীল প্রতিষ্ঠান এবং মানবিক মানুষদের প্রতি প্রশান্ত মিস্ত্রির চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সময়মতো প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা গেলে প্রশান্তের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রশান্তের পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের সকল হৃদয়বান মানুষের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
যোগাযোগ ও সহায়তার জন্য:
প্রসেনজিৎ দাস (প্রশান্তের ভাই)
মোবাইল: ০১৫৬৮৯৪৪০৮৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *