বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- অদ্য ২৪শে মার্চ রোজঃ-মঙ্গলবার বিকাল ৪ঘটিকায়
শ্রীমঙ্গল দেববাড়ি বাঁশতলা মাঠে অনুষ্ঠিত এলপিএল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়ে বড় জয় পেয়েছে ভিক্টোরিয়া এন্টার্স। একপেশে এই ম্যাচে এলিট সেভেনকে ৪-০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে।
ম্যাচের শুরু থেকেই ভিক্টোরিয়া এন্টার্স আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। খেলার প্রথমার্ধে দলের ফরোয়ার্ড কাঞ্চনের চমৎকার পাস থেকে অরিত্র দুর্দান্ত এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও কাঞ্চনের নিখুঁত পাস পেয়ে অরিত্র নিজের দ্বিতীয় গোলটি করেন, ফলে বিরতিতে যাওয়ার আগে ভিক্টোরিয়া এন্টার্স ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
বিরতির পর এলিট সেভেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং একের পর এক আক্রমণ চালায়, তবে প্রতিপক্ষের শক্ত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা। উল্টো খেলার দ্বিতীয়ার্ধে কাঞ্চন নিজেই একটি গোল করে দলের ব্যবধান বাড়িয়ে নেন ৩-০ গোলের ব্যবধানে।
ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক এক মিনিট আগে অরিত্র আবারও গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং দলের জয় নিশ্চিত করেন গোলের ৪-০ বড় ব্যবধানে।
পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য হ্যাটট্রিক করা অরিত্র ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
মহিলাদর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত ছিল পুরো মাঠ, যা এই জয়ের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
