বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- অদ্য১০ই ডিসেম্বর ২০২৫ইং রোজঃ-বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল–সিন্দুরখান রোডের জোড়পুল এলাকায় গাছের ডালে একটি অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয় উৎসুক জনতা আতঙ্কিত হয়ে পড়ে এবং সাপটিকে মেরে ফেলার জন্য চিৎকার-চেঁচামেচি শুরু করে। ঘটনাস্থলের পাশে পল্লী বিদ্যুতের কারেন্ট লাইন থাকায় এলাকাবাসী বিষয়টি দ্রুত শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ অফিসকে জানান। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়।স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সাপটি এর আগেও এলাকার অনেক মানুষের বাড়ির হাঁস–মুরগি ও ছাগল খেয়ে ফেলেছিল। সাপটি যদি সেই সময়ে মাটিতে বা অন্য কোনো খোলা জায়গায় থাকত, তবে উৎসুক জনতা একত্রিত হয়ে সাপটিকে মেরে ফেলতে পারত। তাই সাপটিকে নিরাপদে নিয়ন্ত্রণে রাখা এবং দ্রুত উদ্ধার করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় অজগর সাপটিকে অক্ষত অবস্থায় সফলভাবে উদ্ধার করা হয়।এরপর অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
