নাজিরপুরে ইয়াবাসহ যুবক আটক, পরিবারের সহায়তায় পালালো।

আদালত দেশজুড়ে

ওয়ালিউল্লাহ রাইসুল, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইয়াবাসহ হাতে নাতে ধরা পড়েছে মো. সরোয়ার সুতারের ছেলে ফয়সাল (২৫)। ঘটনাটি ঘটে শুক্রবার (৪ অক্টোবর) রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী ফয়সালের কাছে কয়েক পিস ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করে। খবর পেয়ে ফয়সালের বাবা সরোয়ার সুতার ও মা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তারা এলাকাবাসীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ছেলেকে পালিয়ে যেতে সহায়তা করেন। ফলে পুলিশ আসার আগেই ফয়সালকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরিবার।
পরে বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর জব্দ করা ইয়াবা সনাক্ত করে।
স্থানীয় মো. খাইরুল বাশার বলেন, “সরোয়ার সুতার ও তার ছেলে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।”
এ বিষয়ে স্থানীয় যুবদল নেতা মো. জসিম উদ্দিন পিয়াস জানান, “এলাকায় কিশোর থেকে শুরু করে মধ্যবয়সীরা পর্যন্ত মাদকের ভয়াল নেশায় আসক্ত হচ্ছে। মাদক কারবারিদের দ্রুত গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।”
এলাকাবাসীর দাবি—মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *